হরিদাস চন্দ্রের মুক্তি চাইল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
বিএনপি বলেছিল, সরকার গঠন করতে পারলে সংখ্যালঘুরা ভালো থাকবে; কিন্তু দেখা যাচ্ছে, তারা অনেকটাই উদাসীন হয়ে গেছে—বলেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্রকে গত রোববার রাতে নিজের এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর সিআইডির পক্ষ থেকে ঢাকার উত্তরা পশ্চিম থানায় তাঁর বিরুদ্ধে করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার দেখানো হয়।
হরিদাস চন্দ্র তরনী দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে নির্মল রোজারিও এ কথা বলেন। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সমাবেশ থেকে হরিদাস চন্দ্রের মুক্তি দাবি করা হয়।
সমাবেশে ঐক্য পরিষদের নেতারা রামমূর্তিসহ শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালীমন্দির নির্মাণে সরকারকে সহযোগিতা করার দাবি জানান। এ সময় বিক্ষোভ মিছিল করা হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পুরানা পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে নির্মল রোজারিও বলেন, মন্দির নির্মাণ ধর্মীয় স্বাধীনতার অংশ। প্রতিটি ধর্মের তাদের ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, রক্ষা ও সংরক্ষণ করার অধিকার রয়েছে। গাইবান্ধায় বাধা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গাইবান্ধায় মন্দির নির্মাণে বাধা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নির্মল রোজারিও। অসাম্প্রদায়িক দেশ চান উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংখ্যালঘুদের অংশগ্রহণ ছিল। যাঁরা এখন সরকার গঠন করেছেন, তাঁদের সঙ্গেও সংখ্যালঘু সম্প্রদায় ছিল। তখন তাঁরা বলেছিলেন, সরকার গঠন করতে পারলে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো থাকবে।
নির্মল রোজারিও আরও বলেন, ‘কিন্তু আজকে আমরা দেখছি অনেকটাই তাঁরা উদাসীন হয়ে গেছেন। সরকার যদি থাকে একটা দেশে, তাহলে এ ধরনের ঘটনা কীভাবে ঘটতে পারে?’
ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, মন্দির নির্মাণের জন্য হরিদাসকে দায়ী করা হয়েছে। হরিদাস মন্দিরে ৮০ ফুট মূর্তি নির্মাণ করবেন নাকি ১০০ ফুট করবেন বা ১৫০ ফুট করবেন—সেটা তাঁর ব্যাপার। এটার কিন্তু কোনো লিমিট (সীমা) নেই যে এর থেকে বেশি করা যাবে না। বিএনপি সরকারের কোনো কর্মকাণ্ডে অসাম্প্রদায়িক চেতনা লক্ষ করা যাচ্ছে না—বলেন মনীন্দ্র কুমার।
মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হেমন্ত আই কোরাইয়া, ঢাকা মহানগর শাখার সভাপতি অতুল মণ্ডল প্রমুখ। সঞ্চালনা করেন যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা।
How did this article make you feel?
Related Articles
মিরপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ আরও ২
Jul 25, 2026
1 shared tag
মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার
Jul 25, 2026
1 shared tag
মিরপুরে পানি–সংকট নিয়ে বাড়ছে উদ্বেগ
Jul 02, 2026
1 shared tag
আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
Jul 02, 2026
1 shared tag