পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত

শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝাড়খণ্ডের গোড্ডা আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এসব মন্তব্য করেন।

আন্তর্জাতিক ডেস্ক
বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে
বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে | ফাইল ছবি: পিটিআই

ভারতের বর্তমান বাংলাদেশের অংশ দাবী করে চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির লোকসভার সদস্য নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ, দেশভাগের সময় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভুলভাবে এসব ভূখণ্ড পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন। চট্টগ্রাম বন্দরে প্রবেশের সুযোগ হারানোর কারণেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন সীমিত হয়েছে বলে দাবি করেন তিনি।


শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝাড়খণ্ডের গোড্ডা আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এসব মন্তব্য করেন।


ত্রিপুরার ভারতের সঙ্গে যুক্ত হওয়ার প্রসঙ্গ টেনে দেশভাগের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন নিশিকান্ত দুবে। তাঁর দাবি, ত্রিপুরার সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত অঞ্চলগুলো রাজপরিবারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই পাকিস্তানকে দেওয়া হয়েছিল। ১৯৪৮ থেকে ১৯৪৯ সালের মধ্যে ত্রিপুরা ভারতের অংশ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ওই রাজ্যের সঙ্গেই যুক্ত ছিল। কিন্তু কীসের ভিত্তিতে বা কার নির্দেশে—র‍্যাডক্লিফ রেখা নাকি ম্যাকমোহন রেখা অনুযায়ী—এসব ভূখণ্ড হস্তান্তর করা হয়েছিল, সেই প্রশ্ন তোলেন তিনি।


তৎকালীন ত্রিপুরার মহারাজা বীর বিক্রম দেবের মৃত্যুর প্রসঙ্গ টেনে দুবে অভিযোগ করেন, এলাকা হস্তান্তরের আগে রানি কাঞ্চন প্রভাকে কিছুই জানানো হয়নি। তিনি বলেন, রাজপরিবার ভারতের পক্ষেই ছিল, তবুও রানির সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি।


কাশ্মীর প্রসঙ্গ টেনে এই বিজেপি সংসদ সদস্য দাবি করেন, পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের বিষয়টি শুধু কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। ত্রিপুরার সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত বেশ কিছু অঞ্চল এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের কিছু ভূখণ্ড এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে।’


চট্টগ্রাম বন্দর হারানোকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক ও অবকাঠামোগত সমস্যার সঙ্গে যুক্ত করে তিনি জানান, এই বন্দরে প্রবেশের সুযোগ না থাকায় ওই অঞ্চলের বাণিজ্য ও যোগাযোগ ব্যাহত হয়েছে। চট্টগ্রাম বন্দরে প্রবেশের সুযোগ পেলে উত্তর-পূর্বাঞ্চল নিজেদের সম্পদ আরও ভালোভাবে কাজে লাগাতে পারত বলে তাঁর দাবি।


বক্তব্যের শেষ পর্যায়ে এসব ভূখণ্ড পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে নিশিকান্ত দুবে বলেন, ‘চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট—যেগুলো পাকিস্তানকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, সেগুলো ফিরিয়ে নেওয়ার সময় এখনই এসেছে। এসব ভূখণ্ড ফিরে পেলেই কেবল ভারতের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।’

বিশ্ব থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.